প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করল বসনিয়া

প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করল বসনিয়া

প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করল বসনিয়া। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী ৪৮ দেশের মধ্যে প্রথম দল হিসেবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সোমবার রাজধানী সারায়েভোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল ঘোষণা করেন বসনিয়া কোচ সের্জেই বারবাবেজ।

স্বাভাবিকভাবেই দলে রয়েছেন এডেন জেকো। দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই অভিজ্ঞ স্ট্রাইকারই আবারও নেতৃত্ব দেবেন দলকে, অধিনায়কের আর্মব্যান্ড থাকবে তার হাতেই। বয়স বাড়লেও জেকোর গুরুত্ব এতটুকু কমেনি। এখনও তিনি দলের আক্রমণের মূল ভরসা, একই সঙ্গে ড্রেসিংরুমের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। বিশ্বকাপে চমক দেখানোর স্বপ্নে বিভোর বসনিয়া দল অনেকটাই নির্ভর করছে তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং গোল করার সামর্থ্যের ওপর।

২৬ সদস্যের এই স্কোয়াডে যেমন রয়েছে অভিজ্ঞ তারকাদের উপস্থিতি, তেমনি জায়গা পেয়েছে ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা তরুণ প্রতিভারাও। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে তৈরি এই দল নিয়ে বসনিয়ার লক্ষ্য অন্তত গ্রুপ পর্ব পেরোনো। দল ঘোষণার সময় বারবারেজ বলেন, ‘আমরা এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি, যারা বসনিয়ার পরিচয় এবং আমাদের জাতির লড়াকু মানসিকতাকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করবে।’

এবার বেশ নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল বসনিয়া। চলতি বছরের মার্চে উয়েফা প্লে-অফে ইতালিকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

১২ জুন প্রথম ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ম্যাচে ১৮ জুন ইউরোপীয় প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে বসনিয়া। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন প্রতিপক্ষ হবে কাতার।

বসনিয়ার বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক: নিকোলা ভাসিল, মার্টিন জ্লোমিসলিচ, ওসমান হাজিকিচ। ডিফেন্ডার: সেয়াদ কোলাশিনাচ, আমার দেদিচ, নিহাদ মুজাকিচ, নিকোলা কাটিচ, তারিক মুহারেমোভিচ, স্তিয়েপান রাদেলিচ, ডেনিস হাজিকাদুনিচ, নিদাল চেলিক। মিডফিল্ডার: আমির হাজিয়াহমেতোভিচ, ইভান শুনইচ, ইভান বাসিচ, জেনিস বুরনিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমার মেমিচ, আরমিন গিগোভিচ, কেরিম আলাইবেগোভিচ, এসমির বাজরাকতারেভিচ। ফরোয়ার্ড: এরমেদিন দেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাজার, হারিস তাবাকোভিচ এবং অভিজ্ঞ অধিনায়ক এদিন জেকো। স্ট্যান্ডবাই: তারিক কারিচ, ম্লাদেন ইউরকাস, আরইয়ান মালিচ, এমির কারিচ, ইউসুফ গাজিবেগোভিচ, ইফেত জাকোভাচ, দারিও সারিচ, আমার গয়াক এবং হারিস হায়রাদিনোভিচ।

আরও পড়ুন