ফ্রান্স-সেনেগাল ম্যাচ রাত ১টায়

ফ্রান্স-সেনেগাল ম্যাচ রাত ১টায়

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর ম্যাচে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেনেগাল ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। পাপা বুবা দিয়োপের সেই গোল এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ‘আপসেট’ হিসেবে বিবেচিত। এবার যদি সেনেগাল একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারে, তাহলে তা হবে এবারের বিশ্বকাপের আরেকটি বড় চমক।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্য এবারের বিশ্বকাপ বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি ১৯৯৮ সালে অধিনায়ক এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জয় করেছিলেন। এবার তিনি তার ১৪ বছরের কোচিং অধ্যায় শেষ করতে চান আরেকটি বিশ্বকাপ ট্রফি জয় দিয়ে। জুলাইয়ে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

ফ্রান্সের আক্রমণভাগে থাকবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, যিনি গত মৌসুমে ক্লাব ফুটবলে ৪২ গোল করেছেন। তার সঙ্গে আক্রমণে থাকবেন উসমান ডেম্বেলে, মাইকেল ওলিস, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ে।

অন্যদিকে, সেনেগালও বিশ্বকাপে বড় কিছু করার লক্ষ্য নিয়ে এসেছে। বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া এই দলটি শেষ ৩০টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত রয়েছে। কোচ পাপে থিয়াওয়ের দলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ২০ জন ফুটবলার রয়েছেন।

ফ্রান্সের সম্ভাব্য একাদশে রয়েছেন—মেইনিয়াঁ, কুন্দে, কোনাতে, সালিবা, হার্নান্দেজ, চুয়ামেনি, কামাভিঙ্গা, ওলিস, গ্রিজম্যান, ডেম্বেলে এবং এমবাপ্পে। সেনেগালের সম্ভাব্য একাদশে রয়েছেন—এদুয়ার মেন্ডি, সাবালি, কুলিবালি, নিয়াকাতে, জ্যাকবস, ইদ্রিসা গেই, লামিন কামারা, পাপে সার, ইসমাইলা সার, সাদিও মানে, নিকোলাস জ্যাকসন।

গ্রুপ ‘আই’-এ রয়েছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ইরাক। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এই ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন