ফ্লাইট বিভ্রাটে ভোগান্তিতে উরুগুয়ে ফুটবল দল

ফ্লাইট বিভ্রাটে ভোগান্তিতে উরুগুয়ে ফুটবল দল

বিশ্বকাপে মাঠের বাইরের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না দলগুলো। এবার এর শিকার হয়েছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আসার সময় বিমান চলাচলে জটিলতার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছেছে গোটা উরুগুয়ে দল।

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের আগে মেক্সিকোর কানকুন থেকে মায়ামির ফোর্ট লডারডেলে যাওয়ার কথা ছিল উরুগুয়ের। কিন্তু বিমানের প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতার কারণে প্রথম ফ্লাইটটি বাতিল হয়।

এরপর দ্বিতীয় ফ্লাইটেও কয়েক ঘণ্টা দেরি হওয়ায় ল্যাটিন দলের জন্য সংবাদ সম্মেলনে সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি। তাদের অনুশীলন সূচিও বিপর্যস্ত হয়েছে। উরুগুয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ক্ষেত্রে তাদের কোনো গাফিলতি ছিল না।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার মতে, বিমান উড্ডয়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না হওয়ায় এই ভোগান্তি। ফিফার দায়িত্ব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কর্মকর্তাটি সম্মতিসূচক উত্তর দেন।

উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ বলেন, ‘ফ্লাইট দেরির কারণে আমাদের কিছু অসুবিধা হয়েছে। তবে আমরা হোটেলে বিশ্রাম নিয়ে সময় কাটিয়েছি’।

অন্যদিকে, কোচ মার্সেলো বিয়েলসা সতর্ক করে বলেছেন, সৌদি আরব সহজ প্রতিপক্ষ হবে না এবং তারা বল পায়ে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুন