নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দুঃসংবাদ পেয়েছিল। মোস্তাফিজুর রহমান চোট নিয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি এবং দ্বিতীয় ম্যাচের আগে তার ফেরা নিয়ে শঙ্কা ছিল।
তবে সতীর্থ শরিফুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজ বর্তমানে সুস্থ আছেন। তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যাঁ উনি (মোস্তাফিজ) মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ।’
প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলার কথা ছিল, এমনকি একাদশেও তার নাম ছিল। কিন্তু গা গরম করার সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় শেষ মুহূর্তে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। অধিনায়ক ও কোচ ফিল সিমন্সকে বিষয়টি জানানো হয়েছিল।
দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজের খেলায় কোনো বাধা নেই। শরিফুল বলেন, ‘আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত আছি ম্যাচ খেলার জন্য। কোচ বা উনারা যে দল দিবে সেই দল নামবে।’
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয়লাভ করেছে, যার ফলে তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। এই ম্যাচে না জিতলে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারবে মেহেদী হাসান মিরাজের দল। আগামীকাল ২০ এপ্রিল মিরপুরে মুখোমুখি হচ্ছে দুই দল।
