বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা: স্পিকার

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা: স্পিকার

যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা যখন বক্তব্য দিতে আসেন, তখন সবাই হাততালি দেন। এতেই বোঝা যায় আর্জেন্টিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল।

স্পিকার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন। তিনি বলেন, নাসের জাহেদীর মতো আরও দশজন ক্রীড়ামোদী থাকলে বাংলাদেশ হয়তো অনেক আগেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেত। শিশুদের খেলায় মুগ্ধ হয়ে নিজের তারুণ্যের দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।

তিনি বলেন, যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। আমি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছি, এখানে চাকরিও করেছি। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি হওয়া প্রশংসনীয় উদ্যোগ। আশা করি, এই উদ্যোগে যশোরের পাশাপাশি দেশের ফুটবলের মান উন্নত হবে।

দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা ও পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। ভালো খেলোয়াড়দের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

আরও পড়ুন