বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। নতুন সরকার গঠনের পর এ নিয়ে আলোচনা জোরালো হয়। গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। নির্ধারিত সময়ের আগেই গতকাল মঙ্গলবার তারা তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে নির্বাচনে সরকারি হস্তক্ষেপসহ কয়েকটি অভিযোগের স্পষ্ট ইঙ্গিত পাওয়ায় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।
একইসঙ্গে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। তামিম ইকবালকে সভাপতি করে দায়িত্ব পাওয়া সেই কমিটিতে আছেন ইসরাফিল খসরু। প্রথমবারের মতো বিসিবিতে দায়িত্ব পেয়ে গতকাল অনুষ্ঠিত সভায় তিনি চট্টগ্রাম থেকে অনলাইনে যোগ দেন। আজ বুধবারের সভায় তিনি সশরীরে যোগ দেবেন।
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে ইসরাফিল খসরু বলেন, ‘আলহামদুলিল্লাহ এটা বড় একটা দায়িত্ব। এখন বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।’ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইসরাফিল খসরু আরও বলেন, ‘যদিও এই অ্যাডহক কমিটি তিন মাসের জন্য। এই সময়ে আমাদের যে দায়িত্বগুলো থাকছে সেগুলো যদি শৃঙ্খলার সঙ্গে পালন করতে পারি তাহলে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন দেখা যাক, আমরা তো মাত্র দায়িত্ব পেয়েছি, এরপর বলতে পারব।’
এনএসসি গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে আছেন তামিম ইকবাল। সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
