বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বিশেষ করে ক্লাবের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে দুয়ো দেন। তবে ম্যাচ শেষে তাদেরই নৈপুণ্যে আলাভেসের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবারের এই জয়ে লা লিগায় শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান কমিয়েছে রিয়াল। আজ বুধবার রাতে সেল্টা ভিগোর মুখোমুখি হতে যাচ্ছে কাতালান জায়ান্টরা, যারা বর্তমানে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে।
ম্যাচে প্রথমে এমবাপে একটি ডিফ্লেক্টেড শটে রিয়ালকে এগিয়ে দেন এবং পরে ভিনিসিয়ুস দূরপাল্লার চমৎকার শটে ২-০ করেন। ইনজুরি টাইমে টনি মার্টিনেজ সান্ত্বনাসূচক গোল করেন।
ম্যাচের শুরু থেকে ভক্তরা ভিনিসিয়ুস ও এমবাপেকে উদ্দেশ্য করে শিস দিতে থাকেন, কিন্তু দুই তারকা তাদের হতাশা উপেক্ষা করে গোল করেন। কোচ আলভারো আরবেলোয়া ভিনিসিয়ুসের মানসিকতা নিয়ে বলেন, ‘কঠিন পরিস্থিতিতে ভিনিসিয়ুস সবসময় বড় ছাপ রাখে। সে তার দলের দায়িত্ব নিজ কাঁধে নেয়। তার মানসিকতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
তিনি আরও বলেন, ‘ভক্তদের চাহিদা থাকে। তারা তাদের খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা চান। ভিনি আজ শিসকে হাততালিতে পরিণত করেছে। আগেও সে এটা করেছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’
