ডিআর কঙ্গোর বিপক্ষে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু করা পর্তুগাল আছে ভীষণ চাপে। নানামুখী সমালোচনার মাঝে উজবেকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে শুরুর একাদশে দুই বদল এনেছেন কোচ রবার্তো মার্টিনেজ। আগের ম্যাচে বিবর্ণ থাকলেও দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর আস্থা রেখেছেন তিনি, তবে জায়গা হারিয়েছেন বের্নার্দো সিলভা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। হট ফেভারিট হয়ে আসা তারকাখচিত দলটির পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। একাদশে বদলের আভাস তাই ছিল। বের্নার্দো সিলভাকে বসিয়ে জোয়াও ফেলিক্সকে খেলাচ্ছেন মার্টিনেজ। ধারণা করা হচ্ছে, রোনালদোর সঙ্গে মাঠের রসায়ন মাথায় রেখেই তাকে শুরুর একাদশে রাখা হয়েছে।
আগের ম্যাচে একাদশে জায়গা না পাওয়া ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন ডিয়াস এসেছেন একাদশে। তাকে জায়গা দিতে বসানো হয়েছে বেনফিকার তমাস আরাউহোকে। বাকি পজিশনগুলোতে অবশ্য বদলের কোনো সুযোগ ছিল না। সম্মিলিতভাবে বাজে ম্যাচ খেললেও দলের প্রতিষ্ঠিত তারকাদের রেখেছেন কোচ। বিশ্বকাপের নকআউট পর্বে যেতে উজবেকিস্তানের বিপক্ষে জেতার বিকল্প নেই পর্তুগালের। কোনোভাবে এই ম্যাচেও হোঁচট খেলে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে তাদের।
পর্তুগাল একাদশ: দিওগো কোস্তা, রুবেন ডিয়াস, রেনাতো ভেইগা, জোয়াও কানসেলো, নুনো মেন্ডেস, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, ভিতিনহা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো।
