প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন এই টাইগার অলরাউন্ডার। মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি। যদিও পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ককে দলে রাখা হয়নি। সাকিব কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, সে বিষয়ে জানা যায়নি বিস্তারিত।
এবার সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমরা গত এক দেড় দুই বছর ধরে একজনকে নিয়েই কথা বলছি। আমি অনুরোধ করছি, আমাদের তিন জন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়। এখানে বসে কেবল একজনের ব্যাপারেই কথা বলা আমার জন্য সঠিক নয়।’
‘প্রশ্ন করার সময় বাকি দুইজনের নামও উল্লেখ করার অনুরোধ আপনাদের প্রতি। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সাহায্য করতে পারি, যেকোনো সুযোগ সুবিধা বা যেকোনো কিছু, আমরা অবশ্যই সবসময় তাদেরকে স্বাগত জানাব। আমাদের মন্ত্রীও বলেছেন, তারা নমনীয় থাকবেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটের ব্যাপারে যদি আমরা সাহায্য করতে পারি, আমরা সবসময় আছি।’
