সালাহর আল-নাসরে যোগদানের সম্ভাবনা জোরালো হচ্ছে

সালাহর আল-নাসরে যোগদানের সম্ভাবনা জোরালো হচ্ছে

মোহামেদ সালাহর লিভারপুল অধ্যায় শেষের পথে। এই পরিস্থিতিতে সৌদি আরবের আল-নাসরে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তার জুটি গড়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সালাহ ফ্রি ট্রান্সফারের মাধ্যমে লিভারপুল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, যা সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবের আগ্রহ সৃষ্টি করেছে।

এদের মধ্যে আল-নাসর সবচেয়ে এগিয়ে, যাদের দলে ইতোমধ্যেই রোনালদো রয়েছেন। সালাহ ও রোনালদোর জুটি ফুটবল ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হলেও, তাদের একই দলে খেলার ক্ষেত্রে কিছু প্রশ্ন উঠছে। দুজনেই দলের কেন্দ্রীয় খেলোয়াড় হওয়ায়, তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এই ট্রান্সফারকে শুধু ফুটবল নয়, বরং সাংস্কৃতিক প্রতীক হিসেবেও দেখছে। এদিকে, আল-নাসরের পাশাপাশি আল-ইত্তেহাদ, আল-আহলি এবং আল-হিলালও সালাহকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। আল-কাদসিয়াহও এই দৌড়ে নাম লিখিয়েছে, যেখানে কোচ হিসেবে রয়েছেন সাবেক লিভারপুল বস ব্রেন্ডন রজার্স।

অন্যদিকে, লিভারপুলে সালাহর পরবর্তী যুগের প্রস্তুতি শুরু হয়েছে। কোচ আর্নে স্লট স্বীকার করেছেন যে, সালাহর মতো একজন খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। ২৫৬ গোল ও আটটি বড় শিরোপার সাথে, তিনি ক্লাবটির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ছাপ রেখে যাচ্ছেন।

আরও পড়ুন