হামজাদের কোচ নিয়োগ প্রক্রিয়া এখন কোন পর্যায়ে?

হামজাদের কোচ নিয়োগ প্রক্রিয়া এখন কোন পর্যায়ে?

জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ কে হচ্ছেন, তা নিয়ে কৌতূহল দিনকে দিন বাড়ছে। জাতীয় দল কমিটির সর্বশেষ সভার পর তিন দিনের মধ্যে কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। সেই সময়সীমা আজ পেরিয়ে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি বাফুফে।

জাতীয় দল কমিটি ১১ জন কোচের তালিকা নিয়ে কাজ করছে। তাদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ এখনো চলছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, সবার সাক্ষাৎকার এখনো নেওয়া হয়নি। সভার মাধ্যমে সাক্ষাৎকার নেওয়ার পর বেতন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন জাতীয় দল কমিটি। অনলাইন ভিডিও সাক্ষাৎকারে তিনি ছাড়াও কমিটির অনেকেই উপস্থিত থাকেন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই বৈঠকে জাতীয় দলের কোচ নিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। এবার বাংলাদেশের কোচ হওয়ার জন্য অনেক হাই-প্রোফাইল প্রার্থীর আবেদন পড়েছে। কিন্তু ১৫-২০ হাজার ডলারের বেশি কোচের পেছনে ব্যয় করার সামর্থ্য নেই বাফুফের। জাতীয় দলের স্বার্থে ভালো মানের কোচ পেতে তাদের সামর্থ্য সীমার চেয়ে বেশি অর্থ প্রয়োজন হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

আজ বিকেলে জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন আমিনুল হক। সেই অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাফুফে সভাপতি কোচের বিষয়ে আমার সঙ্গে আলাপ করেছেন। বাংলাদেশের ফুটবলের জন্য সম্ভাব্য সেরা ব্যক্তিকেই আমরা চাই। বাফুফে আমাদের কাছে সহযোগিতা চাইলে করব।’

৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। ২৩ মে প্রিমিয়ার লিগের ম্যাচের পরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তাই বাফুফেকে কোচ নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য—৫০ হাজার ডলারের কাছাকাছি কোচদের চাহিদা রয়েছে, আবার ১৫ হাজারের কমও আছে। আগামী দুই-তিন দিন আরও বিচার বিশ্লেষণ করে তিন-চার জন কোচের নাম ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে পারে ফেডারেশন। এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে সভাপতি আলোচনা করে হামজাদের পরবর্তী কোচ ঠিক করবেন।

আরও পড়ুন