১০ জনের প্যারাগুয়েকে হারাতে পারল না তুরস্ক, বিদায় বিশ্বকাপ

১০ জনের প্যারাগুয়েকে হারাতে পারল না তুরস্ক, বিদায় বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে ১০ জনের দল নিয়েও তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টায় সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেয়ে নকআউটের পথে এগিয়ে গেল ল্যাটিন আমেরিকার দলটি। অন্যদিকে, এই হারের ফলে তুরস্কের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে।

ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডেই বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলগুলোর একটি করে এগিয়ে যায় প্যারাগুয়ে। মিডফিল্ডার মাতিয়াস গালারজা প্রায় ২৫ মিটার দূর থেকে নিচু শটে জোরালো শটে বল জালে জড়ান। এই গোলটি এই বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়ে, যা এর আগে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডের গোলকে ছাড়িয়ে যায়।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের ইনজুরি টাইমে। তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে সংঘর্ষের সময় প্রতিপক্ষের মুখ চেপে ধরার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। টুর্নামেন্টে নতুন নিয়ম অনুযায়ী এই ধরনের আচরণের কারণে তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে শাস্তি পান।

একজন কম নিয়েও খেলতে নামা প্যারাগুয়ে দমে যায়নি। পুরো ম্যাচজুড়ে তুরস্কের একের পর এক আক্রমণ সামলিয়ে তারা রক্ষণভাগে দুর্দান্ত দৃঢ়তা দেখায়। পরিসংখ্যান অনুযায়ী, বলের দখলে সম্পূর্ণ আধিপত্য ছিল তুরস্কের (৭৯ শতাংশ)। তারা ৩২টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৫টি। অন্যদিকে, প্যারাগুয়ে মাত্র ২১ শতাংশ বল দখলে রেখে ৫টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তুরস্কের ১২টি কর্নার ও ধারাবাহিক চাপ সত্ত্বেও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা।

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর এই জয় প্যারাগুয়ের জন্য এক দারুণ ঘুরে দাঁড়ানোর বার্তা। আর তুরস্কের নকআউট স্বপ্নে লেগেছে বড় ধাক্কা। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের।

আরও পড়ুন