দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
শনিবার বেলা ৩টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়, বলে জানান সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। মন্ত্রীকে পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানিয়েছেন, আসাদুল হাবিব দুলু শনিবার সকাল সোয়া ৮টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ অস্বস্তি অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে বেলা ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সকাল সাড়ে ১০টার এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে দুলুকে দেখতে যান। এয়ার অ্যাম্বুলেন্সে ত্রাণমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন ছিলেন। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দুলুর চিকিৎসা চলছে।
