প্রাইভেটকারের ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের পাশাপাশি এবার ফুয়েল পাস সেবার আওতায় যুক্ত হলো ‘ঘ’ সিরিজ। ফলে এখন থেকে এ সিরিজের গাড়িগুলোও ফুয়েল পাসের সেবা নিতে পারবে।
সোমবার (২৭ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বার্তায় আরও জানানো হয়, এখন থেকে আইফোন ব্যবহারকারীরা ফুয়েল পাসের ওয়েবসাইট থেকে ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিউআর কোড জেনারেট করতে পারবেন। কিউআর কোড পাওয়ার পর সেটির স্ক্রিনশট নিয়ে ফোনে সেভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট করে সঙ্গে রাখতে পারবেন। এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি নেওয়া যাবে।
এছাড়া যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করে তা প্রিন্ট করে (প্রয়োজনে ল্যামিনেটিং করে) সঙ্গে রাখতে পারেন। এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি নেওয়া যাবে।
মঙ্গলবার থেকে ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলো হলো— (১) করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর (২) ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী (৩) মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা (৪) সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁও (৫) দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর (৬) কামাল ট্রেডিং এজেন্সি, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও (৭) এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী (৮) সিটি ফিলিং স্টেশন ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তেজগাঁও (৯) সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা (১০) স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-২ (১১) সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর।
