জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তর্কের মাঝে ষষ্টি চন্দ্র বর্মন নামের এক বৃদ্ধ ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করেন। ভিডিওতে দেখা যায়, বিজিবি তাকে বিএসএফের কাছে ঠেলে পাঠাচ্ছে, আবার বিএসএফও তাকে বাংলাদেশে পাঠাচ্ছে।
বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন এবং পরিচয় যাচাইয়ের পর তাকে উদ্ধার করা হয়। এর আগে কামালপুর সীমান্তে তাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন জানান, ষষ্টি চন্দ্র বর্মনকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়া হয়নি এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
