প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট নরসিংদীতে মাদরাসা ছাত্র পিটুনির দৃশ্য দাবি করে ছড়ানো একটি ভিডিওকে ভারতের বলে শনাক্ত করেছে। বাংলাফ্যাক্ট জানায়, এই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে।
৩ এপ্রিল নরসিংদী শহরের ভেলানগরের জেলখানার মোড় এলাকার মাদরাসাতুল আবরার আরাবিয়াহ মাদরাসায় গোসল করতে না চাওয়ায় মুজাহিদুল (৭) নামের একজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে নাজমুস সাকিব নামের এক শিক্ষককে আটক করে পুলিশ। এরই প্রেক্ষিতে, একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি নরসিংদীর ঘটনার দৃশ্য।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের একটি মাদরাসায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার দৃশ্য। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
বাংলাফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
