মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে ফরিদপুরের দীপালি বেগম (৩৪) নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের এক হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, ওইদিন সন্ধ্যায় লেবাননের বৈরুতে দীপালির বসবাসের ভবনে হামলা হয়। হামলার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মুবারের মেয়ে। তিনি অবিবাহিত এবং দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ। লেবাননে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
দীপালির ছোট বোন লাইজু বেগম জানান, দুই বছর আগে জীবিকার তাগিদে লেবাননে যান। গত ৮ এপ্রিল সকালে তার সঙ্গে কথা হয়, তখন দীপালি জানিয়েছিলেন যে যুদ্ধের কারণে চুড় এলাকা থেকে বৈরুত এলাকায় স্থানান্তরিত হয়েছেন। হামলার সময় তার মালিক ও পরিবারের সদস্যসহ সাতজন নিহত হন।
চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেক ফালু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীপালির পরিবার খুব গরিব এবং অভাবের কারণে তিনি বিদেশে গিয়েছিলেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা উচিত।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, তারা কূটনৈতিক চ্যানেলে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন।
