লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশি নারীর মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, “আমরা সচেষ্ট আছি, শিগগিরই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লেবাননে আমাদের মিশন নিরাপদে মরদেহটি ফিরিয়ে আনার জন্য কাজ করছে।”
শনিবার (১১ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ জানান, গত দুই দিন আগে লেবাননে হামলায় ৩০০ জনের মতো হতাহত হয়েছে, যার মধ্যে একজন বাংলাদেশি নারী নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাসিন্দা ছিলেন এবং লেবাননে কাজ করতেন।
তিনি বলেন, “আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেছে এবং তাদের সাথে কথা হয়েছে।”
শামা ওবায়েদ আরও জানান, সরকার বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করছে। “আমরা ইতিমধ্যে কিছু বাংলাদেশিকে চার্টার ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছি এবং যারা দেশে আসতে চান তাদের জন্য ব্যবস্থা করছি,” বলেন তিনি।
এছাড়া, তিনি উল্লেখ করেন, নিহতের পরিবারকে শোক সহ্য করার শক্তি দান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
শামা ওবায়েদ বলেন, “আমরা রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্যও সচেষ্ট আছি, যারা বিদেশে চাকরি হারিয়ে দেশে ফিরছেন।”
