অস্ট্রেলিয়ার জিলং শহরের কোরিও এলাকায় ভিভা এনার্জির একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডের ফলে দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতের কিছু আগে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সেখানে বিস্ফোরণ ও আগুনের খবর পাওয়া যায়। প্রায় ১৩ ঘণ্টা জ্বলতে থাকার পর বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় শোধনাগারে কর্মরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই শোধনাগারটি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি জ্বালানি চাহিদা মেটায় এবং পুরো অস্ট্রেলিয়ার প্রায় ১০ শতাংশ জ্বালানি সরবরাহ নিশ্চিত করে। জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে জানান, অগ্নিকাণ্ডের ফলে শোধনাগারটির পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সীমিত পরিসরে চালু রাখার চেষ্টা চলছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড অস্ট্রেলিয়ার জন্য এমন এক সময়ে ঘটেছে যখন দেশটি জ্বালানি সংকটে জর্জরিত। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় অস্ট্রেলিয়া আগে থেকেই চাপের মুখে ছিল।
