অ্যাপলের সিইও টিম কুকের পদত্যাগের ঘোষণা, নতুন সিইও জন টার্নাস

অ্যাপলের সিইও টিম কুকের পদত্যাগের ঘোষণা, নতুন সিইও জন টার্নাস

অ্যাপল ঘোষণা করেছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেবেন জন টার্নাস। বর্তমান সিইও টিম কুক অ্যাপলের বোর্ড অব ডিরেক্টরসের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

কোম্পানিটি জানিয়েছে, এই নেতৃত্ব পরিবর্তনটি বোর্ড সর্বসম্মতভাবে অনুমোদন করেছে এবং এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে। অ্যাপল বিবৃতিতে বলেছে, আগামী ১ সেপ্টেম্বর জন টার্নাস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

২০১১ সালে স্টিভ জবসের পর সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিম কুকের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য ৩৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। এই সময়ে অ্যাপল ওয়াচ, এয়ারপডস, অ্যাপল সিলিকনসহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্য বাজারে আসে।

অন্যদিকে, ২০০১ সালে অ্যাপলে যোগ দেন জন টার্নাস। তিনি ম্যাক কম্পিউটারকে নতুন করে জনপ্রিয় করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এআইয়ের দৌড়ে পিছিয়ে পড়ায় বিনিয়োগকারীরা অ্যাপলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই, এআই বাজারে প্রভাব বিস্তার করতে সিইও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন