আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত পাঁচ সেনা

আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত পাঁচ সেনা

ভারতের আসামের জোরহাটে বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে এবং বিমানটিতে আগুন ধরে যায়।

প্রাথমিক অবস্থায় হতাহতের বিস্তারিত তথ্য জানানো না হলেও, পরবর্তীতে ভারতীয় বিমানবাহিনী নিহতদের পরিচয় প্রকাশ করেছে।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “আসামের জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় পাঁচজন দায়িত্বরত কর্মকর্তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে।” নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জীতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

ভারতীয় বিমানবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

এএন-৩২ বিমানটি ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভরসা হিসেবে পরিচিত। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর প্রায় ১০০টি এ ধরনের বিমান রয়েছে।

এএন-৩২ বিমানটি প্রতিকূল আবহাওয়ায় উড্ডয়ন করতে সক্ষম এবং এটি সর্বোচ্চ ৭.৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। দুর্গম এলাকায় রসদ সরবরাহের জন্য এ ধরনের বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

গত মার্চে আসামের কার্বি আংলং জেলায় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, যেখানে দুজন পাইলট নিহত হয়েছিলেন।

আরও পড়ুন