যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সোমবার স্থানীয় সময় ভোরে সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে পৌঁছান তিনি।
সোমবার দিনের শেষে পুতিনের সঙ্গে বৈঠকের শিডিউল রয়েছে বলে জানিয়েছেন আরাগচি। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাকে তিনি বলেন, “রুশ প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা এই সফরের প্রধান লক্ষ্য। তবে এই সফর যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করারও একটি ভালো সুযোগ এনে দিয়েছে।”
এর আগে রোববার প্রতিবেশী দেশ ওমানে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি পাকিস্তান যান। পাকিস্তানে কয়েক ঘণ্টা অবস্থানের পর সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ইসলাবাদ ত্যাগ করেন আরাগচি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানের জন্য তিন স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে গিয়েছিলেন আরাগচি।
