মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহে ইরানের দেওয়া অবরোধ স্থগিত করা এই সমঝোতার প্রধান শর্ত বলে ট্রাম্প জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান পাল্টা আক্রমণ বন্ধ রাখবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের সুযোগ দেবে। ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান আলোচনার জন্য ১০ দফার একটি প্রস্তাব দিয়েছে, যাকে তিনি একটি ‘উপযুক্ত ভিত্তি’ বলে মনে করছেন।
যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত মেনে ইরানের ওপর ইতোমধ্যেই হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিরতির পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছে বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত জানিয়েছেন, সরাসরি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, তবে প্রেসিডেন্ট বা হোয়াইট হাউস থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়।
যুদ্ধবিরতির খবর আসার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ১৭ শতাংশেরও বেশি কমে ব্যারেল প্রতি ৯২ ডলারে দাঁড়িয়েছে। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তেহরানের রাস্তায় সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে।
