ইরানের হুমকি, হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে

ইরানের হুমকি, হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও নজরদারির প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি ওয়াশিংটন এই অঞ্চলে ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে তাদের যুদ্ধজাহাজগুলো সাগরে ডুবিয়ে দেওয়া হবে। খবর এএফপির।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের এই জলপথ নিয়ে চরম উত্তেজনা চলছে। হামলার পরপরই তেহরান প্রণালিটি বন্ধ করে দেয় এবং বর্তমানে মার্কিন নৌবাহিনী সেখানে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে।

মোহসিন রেজাই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। তিনি মার্কিন সামরিক কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, অবরোধ কার্যকর করতে প্রণালিতে অবস্থান করা জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই সাগরের তলদেশে চলে যেতে পারে।

মোহসিন রেজাই ইরানের সামরিক অঙ্গনে একটি পরিচিত ও প্রভাবশালী নাম। তিনি ইসলামী রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার-ইন-চিফ এবং গত মাসে সর্বোচ্চ নেতা খামেনির অনুরোধে অবসর ভেঙে পুনরায় সক্রিয় হয়েছেন।

বিশ্বের মোট খনিজ তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির হামলার পর থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।

আরও পড়ুন