ইরান, দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর জন্য কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার সকালে তার সাজা কার্যকর করা হয়, যেটি দেশের সুপ্রিম কোর্টের রায়ের পর কার্যকর হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স এবং তাসনিম এই খবর নিশ্চিত করেছে। সরকারি তথ্যমতে, কিয়ানিকে ২০২৬ সালের জানুয়ারিতে বিক্ষোভ চলাকালীন ‘অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এদিকে, কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করেছে আইআরজিসি। তাদের বিপ্লববিরোধী গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে, এবং আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে। ইসরাইল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
