ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের আকাশসীমায় ভূপাতিত যুদ্ধবিমানের দুই ক্রুর মধ্যে একজনকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে। শুক্রবার মার্কিন সামরিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। দ্বিতীয় ক্রুর অবস্থা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সিএনএনকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও হোয়াইট হাউস এ নিয়ে আর কোনো মন্তব্য করেনি। তিনটি সূত্রের বরাতে সিএনএন জানায়, উদ্ধারকৃত ক্রু সদস্য জীবিত ও যুক্তরাষ্ট্রের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

একজন মার্কিন সূত্র নিশ্চিত করেছেন, বিমানটি ছিল এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, যা আকাশ-থেকে-আকাশ এবং আকাশ-থেকে-স্থল হামলা চালাতে সক্ষম। সাধারণত এফ-১৫ বিমানে একজন পাইলট এবং একজন অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রক থাকেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার দাবি করে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে ইরান ব্যর্থ হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোহগিলুয়েহ ও বয়র-আহমদ প্রদেশে স্থানীয় ব্যবসায়ীরা জীবিত অবস্থায় ওই সদস্যকে খুঁজে পেলে ১০ বিলিয়ন তোমান (৭৬ হাজার ডলার) পুরস্কার ঘোষণা করেছেন। এমনকি পারসেপোলিস এফসির এক ইরানি ফুটবলার তার জেতা পদক পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন