ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই কথা বলেন।
পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ ছিল, যা থেকে ইউরেনিয়াম খনন করে বের করা একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া।
অপারেশন ‘মিডনাইট হ্যামার’ গত বছরের জুনে ইরানে চালানো মার্কিন অভিযানে ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়।
ট্রাম্প পোস্টে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতি ক্ষোভ প্রকাশও করেন। তিনি উল্লেখ করেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক আমাদের মহান পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে।’
এর আগে তিনি পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন এবং হুঁশিয়ারি দেন যে, ব্যতিক্রম ঘটলে দেশটি চরম পরিণতির মুখোমুখি হবে।
