ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, উভয় প্রতিনিধিদল ইসলামাবাদের সেরেনা হোটেলে নির্ধারিত সময়ে পৌঁছান। প্রথমে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বৈঠক করে। পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শেহবাজ শরিফের সঙ্গে আলাদা বৈঠকে বসেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, এই আলোচনা অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উভয়পক্ষকে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে, ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আলোচনা কাঠামো এখনো নির্ধারিত হয়নি। দুই পক্ষ মুখোমুখি বসবে কিনা, তা স্পষ্ট হয়নি। ইরান জানিয়েছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবি করেছে। তবে জেডি ভ্যান্স লেবানন ইস্যু নিয়ে আলোচনা না হওয়ার কথা নিশ্চিত করেছেন।
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—নিষেধাজ্ঞা, লেবানন ও হরমুজ প্রণালি খুলে দেওয়া।
