হরমুজ প্রণালির ওমান উপকূলে ফের একটি ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৩ জুন) যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, গতকাল শুক্রবার অজ্ঞাত একটি বস্তু ট্যাংকারে আঘাত হানে।
সংস্থাটি জানায়, ওমানের উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল পূর্বে ট্যাংকার জাহাজটি হামলার শিকার হয়। তবে এটির ক্রুরা সুস্থ আছেন এবং হামলার ফলে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর ট্যাংকারটি তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।
গত সপ্তাহে ওমান উপকূলে দুটি জাহাজে মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার ফলে তিন ভারতীয় নাবিক নিহত হন। এরই মধ্যে আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।
ভারত নিজেদের তিন নাগরিক নিহত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং দেশটি পরপর দুইবার যুক্তরাষ্ট্রের দূতকে তলব করেছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন, হরমুজে ইরানি বন্দরে তারা যে অবরোধ আরোপ করেছেন, সেটি সকলকে মানতে হবে।
রুবিও জয়শঙ্করকে বলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং অবরোধের লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না।
জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং রুবিওর সঙ্গে ফোনালাপে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় নিহত তিন ভারতীয় নাবিকের বিষয়টি উত্থাপন করেন। চলতি সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যেই মার্কিন বাহিনী ওই হামলা চালায়।
