যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এবং এর প্রকাশক রুপার্ট মুরডকের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) আদালত এ সিদ্ধান্ত দেন।
ওয়ালস্ট্রিট জার্নাল কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পর গত গ্রীষ্মে ট্রাম্প ফ্লোরিডার একটি আদালতে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেন।
গত ১৭ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে এপস্টিনকে তার ৫০তম জন্মদিনে একটি বই উপহার দেওয়া হয়, যেখানে প্রভাবশালী ব্যক্তিদের বার্তা ও লেখা ছিল। ওই বইয়ে ট্রাম্পও বার্তা লিখেছিলেন এবং একটি নারীর ছবি এঁকেছিলেন।
তবে ট্রাম্প এসব দাবি অস্বীকার করে মামলাটি করেন। আজ যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ড্যারিন গায়েলস বলেন, ট্রাম্প ওয়ালস্ট্রিট জার্নালের বিরুদ্ধে খারাপ কিছু করার যে প্রমাণ উপস্থাপন করেছেন, তা অপ্রতুল। মামলাটি খারিজ হলেও ট্রাম্প আগামী ২৭ এপ্রিলের মধ্যে মামলাটি পুনর্বিবেচনা করে আবারও দায়ের করতে পারবেন।
ট্রাম্প ওই জন্মদিনের বইয়ের কথা সরাসরি অস্বীকার করেছেন এবং যারা ‘মিথ্যা’ তথ্য ছড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
