মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আংশিকভাবে আকাশসীমা খুলে দেওয়ার পর ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।
দেশটির এয়ারলাইনস অ্যাসোসিয়েশনের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। পুনরায় চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া, মাশহাদ, বীরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের বিমানবন্দরগুলোও আবার চালু হয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, দেশীয় ও আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইট পুনরায় চালুর জন্য এয়ারলাইনসগুলো প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইরান পূর্বাঞ্চলের আকাশসীমার একটি অংশ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। নতুন এই পদক্ষেপে বোঝা যাচ্ছে, দেশটি ধীরে ধীরে স্বাভাবিক বিমান চলাচলে ফিরতে চাইছে, যদিও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।
