কিশোরী হত্যার অভিযোগে গ্রেপ্তার ফোর্টনাইটখ্যাত র‍্যাপার

কিশোরী হত্যার অভিযোগে গ্রেপ্তার ফোর্টনাইটখ্যাত র‍্যাপার

গত বছর নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী এক কিশোরীকে হত্যার অভিযোগে মার্কিন র্যাপার ডেভিডকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে। ডেভিড, যিনি D4VD নামে পরিচিত, বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইটের সঙ্গে যুক্ত। তার গান ‘লকড অ্যান্ড লোডেড’ ২০২৫ সালের ফোর্টনাইট গ্লোবাল চ্যাম্পিয়নশিপের থিম সং হিসেবে ব্যবহৃত হয়।

ডেভিডের আসল নাম ডেভিড অ্যান্থনি বার্ক। গত বছর ডেভিডের নামে নিবন্ধিত একটি টেসলা গাড়ির ভেতর সেলেস্তে রিভাস হারনান্দেজ নামের কিশোরীর মরদেহ পাওয়া যায়। এই ঘটনার পর ডেভিডের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ জানায়, ২১ বছর বয়সী ডেভিডকে অজামিনযোগ্য অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। সোমবার হত্যা মামলাটি জেলা অ্যাটর্নির কার্যালয়ে উপস্থাপন করা হবে। ডেভিডের আইনজীবীরা দাবি করেছেন, মামলার প্রকৃত সাক্ষ্য-প্রমাণ দেখাবে যে তিনি সেলেস্তে রিভাসকে হত্যা করেননি এবং তার মৃত্যুর জন্য দায়ী নন।

পুলিশ জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর একটি টেসলা গাড়ির ভেতর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তদন্তকারীরা ওই নারীর খণ্ডিত মাথা ও দেহের অন্যান্য অংশ একটি ব্যাগে খুঁজে পান। গাড়িটি ডেভিডের নামে নিবন্ধিত এবং টেক্সাস অঙ্গরাজ্যের ঠিকানা সম্বলিত।

ময়না তদন্তে জানা যায়, মরদেহ খুঁজে পাওয়ার কয়েক সপ্তাহ আগে নিহত হয়েছেন ওই নারী। কর্তৃপক্ষ প্রথমে একে হত্যাকাণ্ড নয়, বরং অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করছিল। সেলেস্তে রিভাস হারনান্দেজ ২০২৪ সালের এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

ডেভিড গ্রেপ্তারের ঘটনাটি এই মামলার বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কিশোরীর মরদেহ খুঁজে পাওয়ার পর থেকেই ডেভিড পাদপ্রদীপের আলো থেকে দূরে থাকার চেষ্টা করেছেন এবং ‘ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করেন।

আরও পড়ুন