ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর জার্মানির বার্লিনে একটি সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক যুবক তার ওপর রঙ ছুড়ে মারেন।
ধারণা করা হচ্ছে, নিক্ষিপ্ত তরলটি টমেটোর জুস বা সস ছিল। তরল ছুড়ে মারার পর নিরাপত্তাবাহিনী ওই যুবককে সাথে সাথে আটক করে।
রেজা পাহলভি সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সমালোচনা করেছিলেন। তরল নিক্ষেপের পর তিনি দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে এবং তার বাবা ১৯৭৯ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। তিনি এখনো স্বপ্ন দেখেন একদিন ইরানে ফিরে এসে শাহদের শাসন পুনঃস্থাপন করবেন।
জার্মানিতে অবস্থানকালে তার সাথে সরকারের কোনো প্রতিনিধির বৈঠক হয়নি, তবে তিনি প্রবাসী ইরানিদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
