জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন সংগীতশিল্পী

জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন সংগীতশিল্পী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের পর মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটে।

ব্রিটনির এক প্রতিনিধি ‘দ্য হলিউড রিপোর্টার’কে জানিয়েছেন, এই ঘটনা সমর্থনযোগ্য নয়, তবে ব্রিটনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পদক্ষেপ নিচ্ছেন। তার সন্তানরা এই কঠিন সময়ে তার পাশে থাকবে এবং পরিবারের সদস্যরা তার কল্যাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ব্রিটনি গত ৪ মার্চ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হন এবং পরদিন মুক্তি পান। তবে তাকে আগামী ৪ মে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে।

ব্রিটনি স্পিয়ার্সের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে জটিলতা নতুন নয়। ২০০৭ সালে মাথা ন্যাড়া করার মতো বিতর্কিত ঘটনার পর তিনি একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। ২০০৮ সালে সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াইয়ের সময় মানসিক বিপর্যয়ের মুখোমুখি হন।

২০০৮ সালে আদালতের নির্দেশে তার ওপর আইনি অভিভাবকত্ব (কনজারভেটরশিপ) জারি করা হয়, যা ১৩ বছর ধরে তার ক্যারিয়ার ও অর্থনৈতিক বিষয়গুলোতে তার বাবার নিয়ন্ত্রণে ছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে ভক্তদের ‘ফ্রি ব্রিটনি’ প্রচারণার পর তিনি সেই অভিভাবকত্ব থেকে মুক্তি পান। এবারের রিহ্যাবে ভর্তি হওয়ার ঘটনা ভক্তদের কাছে তার স্বাভাবিক জীবনে ফেরার ইতিবাচক পদক্ষেপ হিসেবে গৃহীত হচ্ছে।

আরও পড়ুন