ট্রাম্পের বহরে যুক্ত হলো বিলাসবহুল ‘উড়ন্ত হোয়াইট হাউস’

ট্রাম্পের বহরে যুক্ত হলো বিলাসবহুল ‘উড়ন্ত হোয়াইট হাউস’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান বহরে নতুন সংযোজন হয়েছে একটি অত্যাধুনিক বোয়িং ৭৪৭-৮ জেট, যা কাতার থেকে পাওয়া গেছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিলাসবহুল জাম্বো জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়ন সম্পন্ন করেছে। বিমানটির আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি ডলার।

উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এই বিমানটিকে বিলাসবহুল উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে। এমনটা এর আগে কেউ কখনও দেখেনি।’ মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টের ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদনের আগে বিমানটি কিছু পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, মিশন, যোগাযোগ ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট এবং উন্নত প্রযুক্তির ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। আগের মালিকানার কারণে বিমানে নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করে তা পুরোপুরি ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

বিবিসির তথ্যমতে, বিমানের ভেতরের মূল সাজসজ্জায় তেমন পরিবর্তন আনা হয়নি। বাইরের অংশে লাল, সাদা, নীল ও সোনালি রঙের নতুন প্রলেপ দেওয়া হয়েছে। ২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বিমানটি উপহার দেয়। এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়, কারণ ফেডারেল আইন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা সাধারণত ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারেন না। হোয়াইট হাউস বলছে, বিমানটি গ্রহণ সম্পূর্ণ আইনসম্মত হয়েছে এবং ট্রাম্প নিজের মেয়াদ শেষ করলে এটি ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে’ হস্তান্তর করা হবে।

এর আগে এয়ার ফোর্স ওয়ানে দুটি ৭৪৭-২০০বি জেট ছিল, যা ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউং জানিয়েছেন, নতুন বিমান যুক্ত হওয়ায় পুরোনো মডেলের একটি বিমানকে অবসরে পাঠানো হচ্ছে। এক্সে পুরোনো বিমানের ছবি শেয়ার করে চেউং লেখেন, ‘বিদায়, বিশ্বস্ত সেবক।’ মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বোয়িং দুটি ভিসি-২৫বি সরবরাহ না করা পর্যন্ত আপাতত এই বিমানটি ব্যবহার করবেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন