ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের দক্ষিণ-পূর্ব উপকূলের পর্যটন শহর বায়ারহিবের একটি বিলাসবহুল সৈকত রিসোর্টে অগ্নিকাণ্ডে ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো (৪৬) নামের এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে ‘ভিভা উইন্ডহাম ডমিনিকাস বিচ হোটেল’-এ এই অগ্নিকাণ্ড ঘটে।
ড্রোনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রিসোর্টটির খড় ও পাম গাছের পাতার তৈরি ঐতিহ্যবাহী ছাদগুলো দাউদাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। প্রাণ বাঁচাতে সৈকতের পানিতে নেমে শত শত পর্যটক আগুন জ্বলতে দেখেন।
দেশটির জরুরি সেবা সংস্থা ডিএইএইচ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর হোটেলটির নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১ হাজার ৬৯০ জন দেশি-বিদেশি অতিথি ও স্টাফকে নিরাপদে উদ্ধার করে সমুদ্রসৈকত ও কাছাকাছি অন্যান্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে আগুনে অনেক পর্যটকের মূল্যবান মালামাল, পাসপোর্ট ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দগ্ধ ও আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধোঁয়াজনিত সমস্যায় পড়া আরও ছয়জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডোমিনিকান রিপাবলিকের ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, রিসোর্টটির ছাদ অতিরিক্ত দাহ্য খড় ও পাম পাতা দিয়ে তৈরি হওয়ায় এবং সাগরের তীব্র বাতাসের কারণে আগুন খুব দ্রুত পুরো হোটেল ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
