ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থি সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। রাজধানী তেহরানের প্রধান চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
সমাবেশে উপস্থিত লোকজন ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দেন। এ সময় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি তেল আবিবে হামলার আহ্বান জানান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।
তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রও প্রদর্শিত হয়। শুধু তেহরানেই নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরে এসব সরকারপন্থি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
