বাংলাদেশ-ভারত সীমান্তে বিদ্যমান নানামুখী সমস্যা সমাধান এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন।
সোমবার (৮ জুন) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বিএসএফ সদর দফতরে চার দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (১১ জুন) পর্যন্ত এই সম্মেলন চলবে।
এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক প্রবীন কুমারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করছেন।
চার দিনব্যাপী এই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জোরপূর্বক পুশইন রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা। এর পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই শীর্ষ বৈঠকে মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান বন্ধ, মানবপাচার প্রতিরোধ এবং আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অননুমোদিত যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ বন্ধ করার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
