সোমালিয়ার এক যুবকের ছুরিকাঘাতে স্থানীয় নাগরিক আহত হওয়ার ঘটনায় নর্দান আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় দিন অভিবাসনবিরোধী সহিংস বিক্ষোভ চলছে।
বুধবার (১০ জুন) দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বেশ কিছু প্রধান সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন যানবাহন ও স্থানীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ কষ্ট করতে হচ্ছে।
নর্দান আয়ারল্যান্ডের এই নজিরবিহীন সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ শীর্ষস্থানীয় রাজনীতিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।
স্থানীয়দের মতে, ৩০ বছর বয়সী সোমালিয়ার এক অভিবাসী যুবকের ছুরিকাঘাতে এক আইরিশ নাগরিক গুরুতর আহত হওয়ার পর এই ক্ষোভের সূত্রপাত ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বর্তমান অভিবাসন নীতির সমালোচনা করা হয় এবং এর বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার অভিবাসনবিরোধী বিক্ষোভকারী সড়কে নেমে আসেন, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়।
প্রশাসনের পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার এবং উসকানিমূলক গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
