দেশি বিমান পরিষেবা সংস্থাগুলোকে স্বস্তি দিতে ভারতের প্রধান ও বড় বিমানবন্দরগুলোর ল্যান্ডিং-পার্কিং চার্জ ২৫ শতাংশ হ্রাস করা হয়েছে। আগামী তিন মাস শুধুমাত্র দেশীয় বিমান পরিষেবাদাতা সংস্থাগুলো তাদের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর বেলায় এই ছাড় ভোগ করবে।
ভারতের বিমানবন্দরগুলোর অর্থনীতি বিষয়ক কর্তৃপক্ষ এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (এইআরএ)-এর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এইআরএ-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় ইন্ডিগো এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স বিমানবন্দরগুলোর কিছু চার্জ কমানোর আবেদন করেছিল। সেই আবেদনে সাড়া দিয়েই এ পদক্ষেপ নিয়েছে ডিজিএসএ।
আন্তর্জাতিক এয়ারলাইন লবি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিমান পরিষেবাদাতা সংস্থাগুলোর সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় জ্বালানি, জনবলের বেতন-ভাতা এবং বিমানবন্দরের ল্যান্ডিং-পার্কিং চার্জে।
সরকারের নির্দেশনায় এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (AERA) জানিয়েছে যে, চার্জের এই অস্থায়ী হ্রাস অবিলম্বে কার্যকর হবে। রাজস্ব আদায়ে কোনো ঘাটতি থাকলে তা ভবিষ্যতের শুল্ক পর্যালোচনায় সমাধান করা হবে।
