ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।
শুক্রবার কানাডায় অনুষ্ঠিত এ আসরে তিনি বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করেন।
সঞ্জয়ের পরণের বিশেষ নকশার মেরুন স্যুটে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ পতাকার প্রতিচ্ছবি ফুটে ওঠে। পারফরম্যান্সের সময় তিনি বারবার এই স্যুটের হাতার নকশার দিকে ইশারা করে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই দেশাত্মবোধক উপস্থাপনার প্রশংসা করেছেন দেশের সংগীতশিল্পী প্রীতম হাসান, আলিফ আলাউদ্দিনসহ অনেক তারকা ও ভক্ত। তারা সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে, পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে বেড়ে ওঠার অভিজ্ঞতা তার সংগীত পরিচয় গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
