বাংলাদেশের ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। দেশটির রাশিয়া দূতাবাস শুক্রবার তাদের এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ছবি প্রকাশ করে। সেখানে তারা লেখে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।’
এক্সে করা পোস্টে ইরানি দূতাবাস রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যাচ্ছে। ইরানি দূতাবাস আরটির বরাতে লেখে, ‘অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।’
প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। পরে অনেকে এটি দেখতে ভিড় জমান।
মহিষটি ইতিমধ্যে কেজি দরে বিক্রি হয়ে গেছে। এবারের ঈদুল আজহায় এটি কোরবানি করা হবে। ভাইরাল এ মহিষটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটির খবর ফলাও করে প্রচার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যমও খবর প্রকাশ করেছে।
