বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী নদীতে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ প্রস্তাব নিয়ে দ্বিধাবিভক্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বিএসএফের সাবেক মহাপরিচালক প্রকাশ সিং এই প্রস্তাবকে ‘নির্বোধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এমন কিছু করলে বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। তিনি আরও বলেন, কুমির এবং সাপ কীভাবে বুঝবে বাংলাদেশি ও ভারতীয় কারা।
বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার অভিযোগ করেছে, সরকারের উদাসীনতার কারণে অনেক বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছেন। নির্বাচনের আগে এ বিষয়টি নিয়ে মাতামাতি করে কেন্দ্র সরকার এমন প্রস্তাব দিয়েছে।
বিএসএফের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রস্তাবটি কার্যকর করার সম্ভাব্যতা যাচাই করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাহিনীটির এক কর্মকর্তা বলেন, “নদী তীরবর্তী ও দুর্গম জলাভূমিতে বিষধর প্রাণী ছাড়া নিয়ে বিএসএফও দ্বিধাবিভক্ত। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক ডাকা হয়েছে।”
ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুর্গম অঞ্চলগুলোতে এই প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে আলোচনা চলছে।
