বার্লিনে রেজা পাহলভির ওপর ‘টমেটো সস’ নিক্ষেপ

বার্লিনে রেজা পাহলভির ওপর ‘টমেটো সস’ নিক্ষেপ

বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ওপর টমেটো সস নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার, তিনি একটি প্রেস ব্রিফিং শেষ করে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির ফেডারেল প্রেস কনফারেন্স ভবনে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমালোচনা করেন। হামলার সময় পাহলভির ব্লেজারের পেছনে ও গলায় সস লেগে থাকলেও তিনি আহত হননি।

পুলিশ জানিয়েছে, তরলটি সম্ভবত টমেটো সস ছিল এবং ঘটনাস্থলেই সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। ৬৫ বছর বয়সী পাহলভি ইরানের সাবেক শাহের ছেলে এবং ১৯৭৯ সালে তার বাবাকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে তিনি নির্বাসনে রয়েছেন।

বার্লিন সফরের সময় কোনো সরকারি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ না পাওয়ায় তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি ধরে নিচ্ছে যে ইরান সরকারের আচরণ পরিবর্তিত হবে। তবে তিনি এতে সন্দেহ প্রকাশ করেন।

পাহলভি বলেন, ইরানি কর্তৃপক্ষ গত দুই সপ্তাহে ১৯ জন রাজনৈতিক বন্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং আরও ২০ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি গণতন্ত্রের জন্য লড়াইরত ইরানি জনগণকে সহায়তা করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এদিকে, ঘটনার এক ঘণ্টা পরে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি বিবৃতি দেন, যা কূটনৈতিক আলোচনা শুরু করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন