পঞ্চগড়-ঠাকুরগাঁও সীমান্তে পুশ-ইনের চেষ্টায় বিফল হয়ে শূন্যরেখায় আটকে পড়া নারী-শিশুসহ ২১ জনকে সীমান্ত বাতি নিভিয়ে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তের শূন্যরেখায় থাকা ১০ জনকে বিএসএফ তাদের ভূখণ্ডের দিকে সরিয়ে নেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোরে ওই সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ, দুই নারী ও তিন শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলেও বিজিবির কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেনি। এরপর থেকে রোদ-বজ্রবৃষ্টির মধ্যে তারা শূন্যরেখায় একটি ফসলি জমির সরু পথে অবস্থান করছিলেন। এ ঘটনায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন ও কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠকেও কোনো সুরাহা হয়নি।
একই রাতে সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি ভারতের অংশ থেকে নারী-শিশুসহ আরও ১১ জনকে সরিয়ে নেওয়া হয়। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেন। শনিবার ভোরে ওই সীমান্ত দিয়ে তিন পুরুষ, চার নারী ও চার শিশুকে পুশ-ইনের চেষ্টা করলেও পরিচয় নিশ্চিত না হওয়া ও আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করায় তাদের প্রবেশে বাধা দেয় বিজিবি। পরে তাদেরও ফিরিয়ে নেয় বিএসএফ।
