বিনিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে নিয়োগের এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে গুরুং উল্লেখ করেন, “আমার বিরুদ্ধে ওঠা বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত এবং আমার পদের কারণে তদন্ত প্রক্রিয়ায় যেন কোনোভাবে প্রভাবিত কিংবা স্বার্থের সংঘাত তৈরি না হয়, তা নিশ্চিত করতে আমি পদত্যাগ করছি।”
তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে ওঠা প্রশ্নগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। গুরুং জানান, “আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনও শক্তি নেই।”
গুরুং গত সেপ্টেম্বরে ‘জেন জি’ আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। এই আন্দোলনের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি ২৭ মার্চ শপথ নেন। ৩৬ বছর বয়সী গুরুং নিজে ‘মিলেনিয়াল’ প্রজন্মের হলেও আন্দোলনটি বর্তমান তরুণ প্রজন্মের।
সম্প্রতি, নেপালের পুলিশ মানি লন্ডারিংয়ের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদমাধ্যম গুরুংয়ের সঙ্গে ভাটের সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে প্রতিবেদন প্রকাশ করছিল। গুরুং দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে, তবে গুরুংয়ের পদত্যাগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
