বিশ্বকাপ জেতা আমার একমাত্র লক্ষ্য : ভিনিসিয়ুস

সেরা খেলোয়াড় হতে আসিনি, বরং ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে এসেছি বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি নিজের ও দলের লক্ষ্য স্পষ্ট করেছেন।

ভিনিসিয়ুস বলেছেন, ‘ব্যক্তিগত অর্জন নিয়ে আমি একেবারেই উদ্বিগ্ন নই। আমি এখানে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে আসিনি। আমি এসেছি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সঙ্গী হতে।’ তিনি আরো বলেন, তাদের বিশ্বকাপ শুরু হয়েছে ‘অনেক আগেই’, এবং প্রস্তুতি, উন্নতি ও মাঠের খেলার প্রতি পূর্ণ মনোযোগী রয়েছেন তারা।

২০০২ বিশ্বকাপের সাফল্যের পর গত পাঁচটি বিশ্বকাপে খালি হারতে ফিরতে হয়েছে ব্রাজিলকে। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছে। ভিনিসিয়ুস মনে করেন, সেই ক্ষত এবার দলের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, ‘বিশ্বকাপ অন্য যেকোনো টুর্নামেন্টের থেকে আলাদা। শেষ মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে।’

এদিকে, পুরো ফিট না থাকায় নেইমার মরক্কোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। ভিনিসিয়ুস বলেন, ‘আনচেলোত্তির অধীনে খেলা সবসময়ই বিশেষ কিছু। তিনি আমাকে মাঠে পূর্ণ স্বাধীনতা দেন।’ তিনি আশা প্রকাশ করেছেন, এবারের বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটাবেন।

বাংলাদেশ সময় রবিবার ভোর ৪টায় নিউইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল।

আরও পড়ুন