বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও অস্থিরতা দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং ইরানের বন্দরে অবরোধ অব্যাহত থাকবে। বুধবার (২২ এপ্রিল) যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, তবে ট্রাম্প এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সময় পায়।

যুদ্ধবিরতির ঘোষণার আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার দিনটির শুরুতে মার্কিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৬ শতাংশ কমে যায়। একইভাবে ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২৯৩ পয়েন্ট বা ০.৬ শতাংশ কমে লেনদেন শেষ করে, যদিও একসময় এটি প্রায় ৪০০ পয়েন্ট বেড়ে গিয়েছিল। প্রযুক্তিনির্ভর নাসদাক কম্পোজিট সূচকও ০.৬ শতাংশ কমেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক তেলের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দিনের শুরুতে ৯৫ ডলারের নিচে থাকলেও পরে তা বেড়ে প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। শেষ পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ৯৮.৪৮ ডলার, যা আগের দিনের তুলনায় ৩.১ শতাংশ বেশি।

যদিও যুদ্ধ শুরুর সময় ওয়াল স্ট্রিটে বড় ধরনের ওঠানামা দেখা গিয়েছিল, তবে এবার তার তুলনায় পরিবর্তন কিছুটা কম ছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও অনিশ্চয়তা কাটেনি, এবং সেটিই বাজার ও তেলের দামে প্রভাব ফেলছে।

আরও পড়ুন