বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন ইলন মাস্ক। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড গড়া প্রাথমিক শেয়ার বিক্রির পর ট্রিলিয়ন ডলারের মালিক হন মাস্ক। এই মাইলফলক বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে বিনিয়োগকারীদের উচ্ছ্বাসের নতুন যুগ হিসেবে দেখছেন অনেকে।
এছাড়া, এক প্রশ্ন উঠে এসেছে—বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? আজ পৃথিবীতে ৩ হাজার ৩০০-এর বেশি বিলিয়নিয়ার রয়েছেন, কিন্তু ১৯১৬ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম বিলিয়নিয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের তেলশিল্পের ধনকুবের জন ডি রকফেলার পরিচিতি লাভ করেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড অয়েলের শেয়ারের মূল্য বাড়ার ফলে রকফেলার ওই মাইলফলক স্পর্শ করেন। ইতিহাসবিদ ক্রিস্টোফার ম্যাকনাইট নিকোলস জানিয়েছেন, তখনকার সমাজে সম্পদের বৈষম্য নিয়ে আলোচনা চলছিল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে রকফেলারকে নিয়ে তেমন আগ্রহ ছিল না।
নিকোলসের মতে, ১৯১১ সালে স্ট্যান্ডার্ড অয়েলকে ভেঙে কয়েক ডজন ছোট প্রতিষ্ঠানে বিভক্ত করা হয়েছিল, যা রকফেলারের সম্পদ বৃদ্ধিতে সহায়ক হয়।
এছাড়া, জন জ্যাকব অ্যাস্টর ১৯শ শতকের প্রথমদিকে মিলিয়নিয়ার হন। তবে তার সম্পদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস ছিল না।
এখন প্রশ্ন উঠছে, বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নিয়ার কে হবেন? নিকোলসের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা খাত আগামীতে নতুন ট্রিলিয়নিয়ার তৈরির সম্ভাব্য ক্ষেত্র।
