মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, আগামীকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরাইল ও লেবাননের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এটি ৩৪ বছর পরে প্রথমবারের মতো হতে যাচ্ছে। তবে লেবাননের সরকারি সূত্র জানিয়েছে, তেল আবিবের সঙ্গে আসন্ন কোনো যোগাযোগ বা বৈঠক সম্পর্কে তারা অবগত নয়।
ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে লেখেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন—প্রায় ৩৪ বছর—দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল (বৃহস্পতিবার) তা হবে। ভালো লাগছে!’
তবে লেবাননের ওই সূত্র জানায়, ‘ইসরাইলের সঙ্গে কোনো পরিকল্পিত যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই, এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মাধ্যম থেকেও আমাদের জানানো হয়নি।’
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে, গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের ওপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে। এ পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এছাড়া, দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী আরও এলাকা দখল করে একটি ‘বাফার জোন’ তৈরি করার চেষ্টা করছে।
